ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র, ব্যবসায়ী ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত হাফেজ মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার ছাত্র।
সহপাঠীদের অভিযোগ, সোমবার রাতে পুলিশ তালা ভেঙ্গে মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করে। সে সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মাসুদুরকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ভোরে তার মৃত্যু হয়। প্রতিবাদে সকালে ছাত্ররা হরতালের ডাক দেয়। ভোর থেকেই তারা শহরের টিএ রোড হাসপাতাল রোড বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রেল লাইনের ফিশ প্লেট তুলে ফেলার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল চলাচল বন্ধ রয়েছে।
সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে দুই প্লাটুন বিজিবিসহ র্যাব, পুলিশ মোতায়ন রয়েছে।
গত রাতের ঘটনায় পুলিশ মাদ্রাসা ছাত্রসহ শতাধিক লোক আহত হয়েছে। ৪ ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ৫শ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।







