উত্তাপ ছড়ানো দুবাই টেস্টে ড্যারেন ব্রাভাের গড়া দেয়াল ভেঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। হারের ভয় জাগানিয়া ম্যাচে পাকিস্তানকে আরো একবার উদ্ধার করেছে তাদের বোলাররা। পেস-স্পিনারদের যুগল আক্রমণের জোরে ৫৬ রানের স্মরণীয় জয় পায় মিসবাহ-উল হকের দল। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তারা।
নিজেদের ঐতিহাসিক ৪০০তম টেস্টে জয় তুলে নিয়ে এটিকে মনে রাখার মতো করে তারা। নিজেদের ও এশিয়ার ইতিহাসের প্রথম ডে-নাইট টেস্টে জয়ের গৌরব তাদের।
প্রথম ইনিংসে আজহার আলীর ট্রিপল সেঞ্চুরি। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেবেন্দ্র বিশুর ৮ উইকেটে পাকিস্তানের অবিশ্বাস্য পতন। তাতে ৩৪৬ রান তাড়া করে জিতলে চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড হয়। ২৪৯ বলে ১১৬ রানের ইনিংস খেলে হুমকি দিচ্ছিলেন ব্রাভো। কিন্তু ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ১২ ওভার হাতে রেখে ২৮৯ রানে গুটিয়ে দেয় পাকিস্তান।
ব্রাভো ৬৭ বলে ২৬ রানে চতুর্থ দিন শুরু করেন। দলের রান তখন ২ উইকেটে ৯৫। কিন্তু দিনের প্রথম বলেই মারলন স্যামুয়েলস আউট। বোলার আগের দিন দুই উইকেট নেয়া মোহাম্মদ আমির। প্রথম ঘণ্টায় বিদায় জারমেইন ব্ল্যাকউডেরও।
ব্রাভো এরপর পঞ্চম উইকেটে ৭৭ রানের জুটি গড়েন রোস্টন চেজের (৩৫) সাথে। রোস্টন বিদায় নেওয়ার পরও লড়াই চলতে থাকে ব্রাভোর। অধিনায়ক জ্যাসন হোল্ডারের (অপরাজিত ৪০) ব্রাভো ৬৯ রানের জুটি গড়েন সপ্তম উইকেটে।
তখন জিততে আর ৮৩ রান দরকার। হাতে ৪ উইকেট। আরো ঘণ্টা খানেক তাদের হাতে। প্রথম ইনিংসে একটুর জন্য সেঞ্চুরি মিস করা ব্রাভো সেঞ্চুরি পেয়েছেন। কিন্তু এই সময় ইয়াসির শাহকে ক্লান্ত ড্রাইভ করলেন ব্রাভো। দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নিয়ে ইয়াসির ম্যাচটাও মুঠোর মধ্যে নেন শাহ। শেষ দুটি উইকেট রানআউট। ২৬ রানে শেষ ৪ উইকেট নিয়ে জয় পাকিস্তানের।








