ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি স্টেডিয়ামের বাইরে ফুটবল সমর্থকদের সংষর্ঘে একজন নিহত হয়েছেন। বোটাফোগো ও ফ্লেমেঙ্গো ম্যাচের আগে দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে। পরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বোটাফোগো ও ফ্লেমেঙ্গোর ঘরোয়া চ্যাম্পিয়নশিপের ম্যাচটি ছিল গত রোববার। তার আগমুহূর্তে হঠাৎই সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। পরে এঞ্জেনহাও স্টেডিয়ামের খুব কাছে থেকে ডিয়েগো সিলভা দাস সান্তোস নামের ২৮ বছর বয়সী ওই ফুটবল সমর্থকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গুলিতে তার মৃত্যু হয়েছে। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন সেটি জানাতে পারেনি প্রশাসন বা দায়িত্বশীলদের কেউ।
২০১৬ অলিম্পিকের অনেকগুলো অ্যাথলেটিক ইভেন্ট হয়েছিল এই স্টেডিয়ামের ট্র্যাকে। সংঘর্ষের পরও অবশ্য ম্যাচটি মাঠে গড়িয়েছে। যাতে বোটাফোগোর বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে ফ্লেমেঙ্গো।










