ব্রাজিলের বহিয়া রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২৮০ জন। আর গৃহহীন হয়ে পড়েছে ৩৫ হাজার মানুষ।
ওই রাজ্যের গভর্নর রুই কস্তা ইলহেউস সাংবাদিকদের বলেন, এটা এক বিশাল ট্র্যাজেডি। আমি বাহিয়ার সাম্প্রতিক ইতিহাসে এমন কিছু দেখেছি বলে মনে করতে পারি না। সত্যিই এটা ভয়ঙ্কর। অনেক বাড়ি এবং রাস্তা সম্পূর্ণ পানির নিচে চলে গেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বহিয়া দমকল কর্মীরা ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। গতকাল রোববার দেশটির দক্ষিণাঞ্চলের একটি নদীতে পড়ে মারা যান তিনি।
এরই মধ্যে আরেক শহর ইতাম্বে ভারী বর্ষণে শনিবার গভীর রাতে একটি বাঁধ ভেঙ্গে আরও বন্যার আশঙ্কা তৈরি করেছে।
বহিয়া নাগরিক সুরক্ষা সংস্থা সুদেক জানায়, সেখানে বন্যার ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছে এবং ১৯ হাজার ৫৮০ জন গৃহহীন হয়ে পড়েছে। আরো ১৬ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এ নিয়ে সেখানে মোট প্রায় ৩৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
দুর্যোগের কারণে ৪ লাখ ৩০ হাজার ৮শ’ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।








