ব্রাজিলের সবচেয়ে জনবহুল শহর সাও পাউলোর কাছে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলায় ৫ জন প্রাণ হারিয়েছেন। পরে আত্মহত্যা করে বন্দুকধারী।
ব্রাজিলের কাম্পিনাস শহরের মেট্রোপলিটান ক্যাথেড্রালে নিয়মিত মিডডে সার্ভিস প্রার্থনার শেষদিকে হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় পত্রিকা ও গ্লোবোর সূত্রে বিবিসি জানিয়েছে, প্রার্থনার শেষ হওয়ার প্রায় সাথে সাথেই হঠাৎ করে বন্দুকধারী তার আসন থেকে উঠে সেখানে বসা অন্যদের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
গুলির শব্দ শুনে বাইরে পুলিশ সদস্যরা প্রায় সঙ্গে সঙ্গেই ক্যাথেড্রালের ভেতরে ঢুকে বন্দুকধারীকে থামানোর চেষ্টা করে। ওই সময় পুলিশের গুলিতে আহত হয় হামলাকারী। কিন্তু পুলিশ গ্রেপ্তার করার আগেই সে গির্জার বেদীর সামনে দাঁড়িয়ে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করে।
হামলাকারীর কাছে একটি রিভলভার ও একটি পিস্তল ছিল।
গুলিতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয় আরও ৪ জন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়। তবে মৃতের সংখ্যাটি নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। স্থানীয় কিছু পত্রিকার তথ্যমতে মোট নিহতের সংখ্যা ৪।
হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বন্দুকধারীর পরিচয়ও এখনো জানা যায়নি।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা মেজর আদ্রিয়ানো আগুস্তো জানিয়েছেন, বন্দুকধারীর লক্ষ্য বিশেষ কেউ ছিল না। ‘সে প্রথমে তার পেছনের বেঞ্চে বসা লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সে বিভিন্ন দিকে গুলি করেছে, বিশেষ কারও দিকে নয়।’
হতাহতদের বেশিরভাগই বয়স্ক।







