সারাদেশের মানুষের হৃদয় জয় করেছে রংপুরের হাড়িভাঙ্গা আম। এই জাতের আমের বাগান করে আর্থিকভাবেও লাভবান চাষী। তারা জানান, বাজার ব্যবস্থা অনুকুল হলে হাড়িভাঙ্গা আম ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আঁশবিহীন সুমিষ্ট হাড়িভাঙ্গা আমের জন্য রংপুর দেশে বিদেশে লাভ করেছে নতুন পরিচয়। হাড়িভাঙ্গা আম এখন রংপুর অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। চাষিরা বিষমুক্ত আম উৎপাদনে এবার অনুসরণ করেছেন ব্যাগিং পদ্ধতি।
চাষিরা জানান, ব্যাগিং পদ্ধতির আমটা ভাল হয়। এর রং হয় সুন্দর। যার কারণে বিক্রিতেও লাভ ভাল।
জেলার মিঠাপুকুর, বদরগঞ্জ ও পীরগঞ্জসহ বিভিন্ন উপজেলায় ক্ষুদ্র, মাঝারি ও বড় পরিসরে প্রায় চার হাজার হাড়িভাঙ্গা আমের বাগান করা হয়েছে। আম বাগানে সাথী ফসল হিসেবে মরিচসহ বিভিন্ন মশলা ফসল আবাদ করছেন কেউ কেউ।
হাড়িভাঙ্গা আমের সম্প্রসারণ ও জাত উন্নয়নে গবেষণার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক স ম আশরাফ আলী বলেন, হাড়িভাঙা আমের চাষ যেন আরো সম্প্রসারিত হয় সে দিকে আমাদের নজর রয়েছে।
সম্ভাবনাময় এ জাতের আম বিদেশে রপ্তানীতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন আম চাষি ও বাগান মালিকরা।







