ব্যাংক খাতে কোনো তারল্য সংকট নেই বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে চলতি অর্থবছরের (২০১৯-২০) জন্য মুদ্রানীতি ঘোষণা করেন ফজলে কবির। এসময় তিনি এমন কথা জানান।
তারল্য সংকটের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে বিগত ৬ বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। কিন্তু এই সংকটের মধ্যেও গভর্নরের দাবি, ব্যাংক খাতে নগদ টাকার কোনো সংকট নাই।
এর কারণ হিসেবে তিনি বলেছেন: আমানতের বিপরীতে নগদ জমা সংরক্ষণ বা সিআরআর (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট) সংরক্ষণ এবং বিধিবদ্ধ জমা বা এসএলআর (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও) রাখার পর চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোতে ৮৫ হাজার ৬১৬ কোটি টাকা উদ্বৃত্ত রয়েছে। তার মানে ব্যাংকিং খাতে তারল্য সংকট নেই।
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ মুদ্রানীতিকে কর্মসংস্থানমুখী, প্রবৃদ্ধি সহায়ক ও সংকুলানমুখী মুদ্রানীতি বলেছেন গভর্নর।
এ সময় তিনি বলেন: এখন থেকে মুদ্রানীতি একবারই প্রকাশ করা হবে। এটা বছরের শুরুতে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মূল্যস্ফীতি ৫ দশমিক ৫০ শতাংশ পরিমিত রেখে ৮ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের জন্য পর্যাপ্ত ঋণ প্রবাহের জন্য ঘোষিত মুদ্রানীতি আগের মতো সতর্কভাবে সংকুলানমুখী রয়েছে বলে জানান গভর্নর ফজলে কবির।
নতুন মুদ্রানীতিতে ২০২০ সালের জুন পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবাহ ধরা হয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত লক্ষ্য ঠিক করেছে ১৩ দশমিক ২ শতাংশ। যা গেল অর্থবছরের জুন পর্যন্ত লক্ষ্য ছিল ১৬ দশমিক ৫ শতাংশ।








