প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসা করতে নয়, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে। জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে নতুন নতুন রপ্তানি বাজার খুঁজে পণ্য বহুমুখীকরণ করতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পণ্য ও সেবা খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিভাগে ২০১১-১২ এবং ১২-১৩ অর্থ বছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠান। দুই অর্থ বছরে প্রায় ১শ’১৩টি প্রতিষ্ঠানকে ট্রফি ও সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালের পরে কোনো ব্যবসায়ী হাওয়া ভবনের প্রভাবে স্বাধীনভাবে ব্যবসা করতে পারেনি। তিনি বলেন, সে অবস্থার পরিবর্তন করে বর্তমান সরকার বাণিজ্যের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।
বলেন, আপনারা নতুন নতুন বাজার খুঁজুন। পৃথিবীতে নানান দেশ আর তাদের নানান রকম চাহিদা। কোন দেশের কোন চাহিদা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে আর আমাদের রপ্তানী পণ্যগুলোর বহুমূখীকরণ করতে হবে। আমি খুশি হয়েছি যে, আমরা অনেক ধরনের পণ্য রপ্তানীর সক্ষমতা অর্জন করেছি। সেসব আরো বহুমুখীকরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে যতরকম সহযোগিতা দরকার আমরা করবো কিন্তু বাজার আপনাদেরই খুঁজে বের করতে হবে। আপনাদেরও কিছু উদ্যোগ নিতে হবে।
বাংলাদেশের একটি বিশাল যুবশ্রেণি রয়েছে যাদের পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার হবে না।
তিনি আরো বলেন, আমি ব্যবসা করতে আসিনি। আমি ব্যাবসায়ীদের জন্য, বাণিজ্যের জন্য, শিল্পায়নের জন্য যত ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া দরকার সেসব করে দিতে চাই। তরুণদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। তাদেরও কাজে লাগাতে হবে। এর ভিত্তিতে যে শিল্পায়ন হবে সেটা যেন অবশ্যই শ্রমঘন হবে সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণরা যখন কাজ করবে, অর্থ উপার্জন করবে তখন আর সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের দিকে যাবে না।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আইসিটি সেক্টরের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বাণিজ্য প্রসারের উদ্যোগ নিতে ব্যবসায়ীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।










