বিদায়কালে শেষটা রাঙ্গাতে পারেননি উসাইন বোল্ট। নিজের প্রিয় ১০০ মিটার স্প্রিন্টে দৌড় শেষ করেছেন তৃতীয় হয়ে। তাতেও অবশ্য মানুষের হৃদয়কোণে নামটা ফিকে হয়ে যাবে না বোল্টের! ক্রিস গেইলের মতে এমনটা কোনদিনই হবে নয়! জ্যামাইকান ব্যাটিং দানব মনে করেন বোল্ট একজন মহানায়ক। তার নিজেরও নায়ক।
সাগরপাড়ের ছোট দেশ জ্যামাইকার নায়কদের কথা উঠলে সবার ঠোটে থাকে বোল্টের নাম। গেইলেরও বিশেষ একটা স্থান আছে দেশটির মানুষের মনে। বোল্ট বড় নাকি গেইল -এমন প্রশ্নে চায়ের কাপে ঝড় তুলতে ওস্তাদ জ্যামাইকানরা। তবে গেইলের চোখে বোল্টই আসল নায়ক।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজেই আছেন গেইল। খেলাধুলার সাইট স্পোর্টসকেডা সেখানেই এক ফাঁকে তার কাছে প্রশ্ন রেখেছিল বোল্টকে নিয়ে, ‘জ্যামাইকার সবচেয়ে বড় নায়ক কে? বোল্ট নাকি গেইল?’
বাঁহাতি ব্যাটিংদানব এক কথায় মেনে নিয়েছেন বোল্টের আধিপত্য, ‘কোন সন্দেহ নেই, বোল্ট। আমারও একটা স্থান আছে জ্যামাইকার মানুষের মনে। তবে বোল্টের স্থানটা সবার চেয়ে ওপরে। সে আসলে আমাদের সবারই নায়ক।’








