চলতি বছরের সেপ্টেম্বরে মাসে বোলিংয়ে শুদ্ধি পরীক্ষা দিতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ।
কখনো দেশী, কখনো বা বিদেশী কোচের অধীনে বোলিং শুধরে নেয়ার কাজে ব্যস্ত ছিলেন এই বোলার। কোচদের থেকে পুরোপুরি সন্তুষ্টি অর্জন না করায় শুদ্ধি পরীক্ষার জন্যেও ছিল অপেক্ষা। তবে অপেক্ষা শেষ হওয়ার পালা। আগামী মাসে অস্ট্রেলিয়ার ল্যাবে ‘শুদ্ধি পরীক্ষা’ দেবেন তাসকিন।
রবিবার মিরপুরের হোম অফ ক্রিকেটে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন, বিসিবি টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
তিনি জানান, তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষা করেছি। আমরা এখন আত্মবিশ্বাসী। আর সে কারণেই তাকে হয়ত এ মাসেই অস্ট্রেলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ সময় আরাফাত সানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সানিরও পরীক্ষা নেয়া হচ্ছে। যদি তার বিষয়ে সন্তুষ্ট হতে পারি আমরা, তাহলে তাসকিনের সঙ্গে তাকেও পাঠানো হবে অস্ট্রেলিয়ায়।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয় পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানিকে।
গত ১৫ মার্চ বিসিবি’র সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। সেখানে পরীক্ষা শেষে তাসকিনের বোলিং অ্যাকশনে ত্রুটি আছে বলে বিসিবিকে জানানো হয়। এরপর দীর্ঘ ৫ মাস নেট প্রাক্টিসের পর এবার তাসকিনকে অস্ট্রেলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাচ্ছে বিসিবি।







