সাপের মতো ফণা তুলে ছোবল মারা টার্ন। বারবার ধরাশায়ী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বুঝতেই পারছিলেন না কীভাবে খেলতে হবে বাংলাদেশি স্পিনারদের। তৃতীয় দিনে চা বিরতির আগেই হার। ৬৪ রানে চট্টগ্রাম টেস্ট হারের পর ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট নিজ দলের ব্যাটসম্যানদের দুষলেন ঠিকই, সঙ্গে ইঙ্গিতে প্রতিপক্ষ বোলারদের দিতে ছাড়লেন না খোঁচাও। তবে সাকিবের জন্য থাকল প্রশংসা।
‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে পারিনি। আমরা ভালো কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। খুব দ্রুত উইকেট হারিয়েছি। বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছে।’
যে উইকেটে টপঅর্ডার ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন, টেলএন্ডার ব্যাটসম্যান হয়েও সেই উইকেটে ৬৩ রানের জুটি গড়েন শেন ডওরিচ ও জোমেল ওয়ারিকেন। একটা পর্যায়ে দুজনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। কীভাবে তারা এত স্বচ্ছন্দে ব্যাট করলেন?
‘বল যখন নতুন ছিল, খেলাটা খুব কঠিন ছিল। বল নরম হওয়ার পর একটু সহজ হয়েছে।’ ব্র্যাথওয়েটের জবাব।
এই টেস্টেই নিজের ২০০তম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকে টপকে হয়েছেন দ্রুততম ৩ হাজার রান ও ২০০ উইকেটের মালিক। বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করতে তাই কার্পণ্য করলেন না ক্যারিবীয় অধিনায়ক।
‘সাকিব একজন অভিজ্ঞ বোলার। সে সময়মত কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশের জন্য সে এক অন্যরকম স্বস্তির নাম।’










