অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে উঠতি বোরো ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে এবার ফসল ঘরে তুলতে পারবেন না, আশংকা অধিকাংশ কৃষকের।
মৌসুমী বায়ুর প্রবাহে হবিগঞ্জের বেশিরভাগ এলাকায় থেমে থেমে নামছে বৃষ্টি। সে সঙ্গে উজান থেকে নেমে আসছে পাহাড়ী ঢল। জেলার বাহুবল, নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই ও আজমিরীগঞ্জে হাওরের তিনশ’ থেকে সাড়ে চারশ’ হেক্টরের ধান পানির নীচে তলিয়ে গেছে।
কৃষকরা বলছেন, এবছর বৃষ্টির কারণে ধান পানির নিচে তলিয়ে গেছে। আমরা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। এভাবে আর কিছুদিন পানি থাকলে আমারা একেবারে শেষ হয়ে যাবো। বৃষ্টির কারণে কাটতেও পারছিনা।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বানিয়াচং উপজেলায়। কৃষি বিভাগের হিসেবে এই উপজেলায় প্রায় দুশ’ ৫০ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।
হবিগঞ্জ বানিয়াচংয়ের উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ বলেন, আমরকা ইতিমধ্যে ক্ষতির পরিমান দেখিয়ে রিপোর্ট পাঠিয়েছি। খুব দ্রুত এ ব্যপারে ব্যবস্থা নেওয়া হবে। আশাকরি কৃষকরাও ক্ষতির পরিমান কাটিয়ে ওঠতে পারবে।
চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় এক লাখ ১৩ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।










