বোমা আতঙ্কে জরুরি অবতরণ করেছে এয়ার ফ্রান্সের একটি বিমান। টয়লেটে সন্দেহজনক বস্তু পাওয়ার পর দিক পরিবর্তন করে কেনিয়ার বন্দরনগরী মোম্বাসার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে বলে জানিয়েছেন কেনিয়ার পুলিশ প্রধান। বিমানক্রুরা টয়লেটে ওই সন্দেহজনক বস্তুর উপস্থিতির কথা ক্যাপ্টেনকে জানালে তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।
কেনিয় পুলিশের মহাপরিদর্শক যোসেফ বোইনেত নিজের ট্যুইটার একাউন্টে বলেন, মরিশাস থেকে প্যারিস অভিমুখী বোয়িং-৭৭৭ বিমানটি রাত ১২টা ৩৭ মিনিটে (স্থানীয় সময়) মোম্বাসার মোই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানের ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু-কে নিরপদে সরিয়ে নেওয়া হয়।
তিনি আরো জানান, নৌবাহিনীর বোমা বিশেষজ্ঞরা ও ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের (ডিসিআই) তদন্তকারীরা সন্দেহজনক ওই বস্তুটি সরিয়ে নিয়ে তাতে বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত করার চেষ্টা করে।






