গেল বছর কলকাতার নায়ক ওমের সঙ্গে ‘তোমার আমার গল্প’ নামের একটি গানের মিউজিক ভিডিও দিয়ে প্রশংসিত হয়েছিলেন বুশরা শাহরিয়ার। ফিল্মী স্টাইলে নির্মিত ওই গানে ওম-বুশরার রোমান্স এখনও লেগে আছে দর্শকদের চোখে। নতুন খবর, এই শিল্পী আগামী বৈশাখে নতুন চমক নিয়ে আসছেন।
ওপার বাংলার একটি কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান পহেলা বৈশাখ উদযাপন করার লক্ষ্যে ‘প্রাণের বৈশাখ’ নামে এক মেলার আয়োজন করছে। এই আয়োজনে ভিন্নমাত্রা যোগ করতে এবং প্রাণ ও সুরের ছোঁয়া দিতে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার ‘প্রাণের বৈশাখ’ শিরোনামের গান নিয়ে আসছেন।
শিল্পী বুশরা বলেন, বাঙালিরা কতটা উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বছরকে বরণ করে সেটাই একটি গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে এই মিউজিক ভিডিওটিতে। পুরো গানের ভিডিওতে বাঙালির ঐতিহ্য আর উল্লাস ফুটে উঠবে।
গানটির কথা ও সুর করেছেন শিল্পী বুশরা নিজেই। সংগীত আয়োজনে ছিলেন অমিত চ্যাটার্জি। বুশরার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে কলকাতার সিরিয়ালের পরিচিত মুখ অভিজিৎ ভট্টাচার্যকে। অভিজিৎ জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘স্ত্রী’ এর শীর্ষ চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
মিউজিক ভিডিওটির দিক নির্দেশনায় ছিলেন কলকাতার স্বনামধন্য পরিচালক সৌমেন সুর। ক্যামেরায় ছিলেন সৌরভ। আর নৃত্য নির্দেশনায় ছিলেন দেবু। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি মার্চের শেষ সপ্তাহে ‘প্রাণের বৈশাখ’ গানটি ইউটিউবসহ অন্যান্য সোশাল মিডিয়ায় প্রকাশ হবে।







