নিজের মৃত্যুর গুজবকে মিথ্যা প্রমাণ করে সিরিয়ার একদল শিল্পপতির সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ মঙ্গলবার তার দপ্তরে একদল শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেন। দেশটিতে চলমান সংঘর্ষের কারণে এসব শিল্পপতির কল-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা নতুন করে তাদের শিল্প-কারখানা চালু করতে চান।

আরব এবং পশ্চিমা বেশ কয়েকটি বার্তা সংস্থায় গত কয়েকদিন ধরে খবর প্রচার হয় যে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট আসাদ। লেবাননের আল-মুস্তাকবেল পত্রিকা জানায়, সিরিয়া ও রাশিয়ার একদল চিকিৎসক প্রেসিডেন্ট আসাদের চিকিৎসা দিচ্ছেন।
সৌদি আরবের আল-আরাবিয়া টিভি চ্যানেল খবর দেয়, নিজের একজন দেহরক্ষীর গুলিতে বাশার আসাদ প্রাণ হারিয়েছেন। ফ্রান্সের রাজনৈতিক ম্যাগাজিন লি পয়েন্টও তাদের প্রতিবেদনে জানায়, আসাদ তার ইরানিয়ান দেহরক্ষী মেহেদী আল-ইয়াকুবির গুলিতে আহত হয়েছেন। তার মাথায় গুলি করা হয়েছে।
প্রেসিডেন্ট আসাদের দফতর শুক্রবার এক বিবৃতিতে এসব খবরকে পুরোপুরি গুজব হিসেবে অভিহিত করে জানিয়েছিল, বাশার আল-আসাদ সম্পূর্ণ সুস্থ আছেন। এর কয়েকদিন পর প্রকাশ্যে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন সিরিয়ার প্রেসিডেন্ট।








