ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে আলোচনার জন্য বেলারুশ পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল। আক্রমণ শুরু করার পরে ইউক্রেনের সাথে রাশিয়ার এটি প্রথম বৈঠক। এই বৈঠক অনুষ্ঠিত হবে ক্রেমেলিনের মিত্র দেশ বেলারুশে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনিয়ান প্রেসিডেন্সির এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
আজ পঞ্চম দিনের যুদ্ধ পরিস্থিতিতে এই প্রতিনিধি দল বেলারুশে পৌঁছায়। বৈঠকের মূল উদ্দেশ হলো, তাৎক্ষনিক যুদ্ধবিরতি এবং রাশিয়ান সৈন্য প্রত্যাহার করা।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পৃথক এক বিবৃতিতে এখনো অবধি যুদ্ধে সাড়ে ৪ হাজার রাশিয়ান সৈন্য নিহত হয়েছে জানিয়ে বাকি সৈন্যদের জীবন রক্ষার্থে অস্ত্র এবং যুদ্ধক্ষেত্র ত্যাগের নির্দেশ দেন তিনি।
এছাড়া আজ জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে বিশেষ পদ্ধতির মাধ্যমে ‘তাৎক্ষণিক’ সদস্যপদ প্রদানের আবেদন জানান। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো সকল ইউরোপীয়ানদের সাথে এক হয়ে থাকা, বিশেষত একই সমতা নিয়ে, এবং আমি মনে করি এটা সম্ভব হবে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ইউক্রেনের প্রতিনিধিদলের বেলারুশ সীমান্তে পৌঁছানোর একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে।
জেলেনস্কি জানায়, বিগত চার দিনের লড়াইয়ে দেশটিতে ১৬ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৪৫ জন, তবে তিনি ইউক্রেন সৈন্যদের প্রতিরোধ ক্ষমতার প্রশংসাও করেন।
তিনি পশ্চিমা দেশগুলোকে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে জানায়, আমরা সকলেই যোদ্ধা এবং আমি নিশ্চিত আমরাই জিতবো।







