লা লিগায় সুবিধাজনক স্থানেই আছে রিয়াল মাদ্রিদ। নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে স্পষ্ট ব্যবধানেই এগিয়ে তারা। রোববার রাতে সেটি আরো এগিয়ে নিলেন করিম বেনজেমা, ইসকো ও নাচো ফার্নান্দেজ। এই তিনের গোলে সহজ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থানটি আরো সুসংহত করল রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট হলো ২৮ ম্যাচে ৬৮।
ঘরের মাঠে গোল পেতে রিয়ালকে ৩১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে বাইলাইন থেকে কাটব্যাক করে বেনজেমাকে বল বাড়ান দানি কারবাহাল। পরে আট গজ দূরের এক জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। চলতি লিগে ফ্রেঞ্চ ফরোয়ার্ডের এটি নবম গোল।
এই গোলটি আবার প্রথম কোন স্প্যানিশ দল হিসেবে টানা ৫০ ম্যাচে গোলের রেকর্ডের পাশে বসিয়েছে রিয়ালকে। সব প্রতিযোগিতা মিলে এসব ম্যাচে অন্তত একটি করে গোল করেছে মাদ্রিদিস্তারা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষবার জাল খুঁজে পায়নি জিদানের দল। তারপর কেটে গেল পঞ্চাশ ম্যাচ।
মধ্যবিরতিতে যাওয়ার আগে সহজ গোলের সুযোগ নষ্ট করেন গ্যারেথ বেল। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আলাভেস মিনিট দশেক রিয়াল রক্ষণের পরীক্ষা নেয়। এরমধ্যেই অতিথিরা সহজ তিনটি গোলের সুযোগ হাতছাড়া করে।
ম্যাচের ৮৫ মিনিটে রোনালদোর ডিফেন্সচেরা পাসে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। তিন মিনিট পর আলাভেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাচো। বেলের দারুণ ফ্রি-কিক ক্রসবারে লেগে ফিরে আসলে হেডে জাল খুঁজে নেন স্পেনের এই ডিফেন্ডার।







