বিচারপতিদের বেঞ্চ সঙ্কটের কারণে অনুষ্ঠিত হয়নি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি।
আপিল বিভাগের রোববারের নিয়মিত কার্যতালিকার দুই নম্বরে ছিলো মীর কাশেমের মামলা। বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। তবে তাদের মধ্যে দুইজন এজলাসে না ওঠায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নি।
আর বেঞ্চের সদস্য প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগের কাজের জন্য ঢাকার বাইরে রয়েছেন। মঙ্গলবার তিনি ঢাকায় ফিরবেন।
মঙ্গলবার মামলাটির বিষয়ে আদেশ হতে পারে বলে জানা গেছে।
মীর কাশেম আলীর আইনজীবীরা এ সংক্রান্ত বিষয়ে সারসংক্ষেপ জমা দিয়েছেন। তবে সরকারপক্ষ এখনো তা জমা দেয়নি।
জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাশেমকে গত বছরের ২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের ২৮ দিন পর ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম।
হত্যা, গুম, অপহরণ এবং চট্টগ্রামের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে আটকে রেখে নির্যাতনসহ ১৪টি অভিযোগ ছিলো। যার মধ্যে ১০টি প্রমাণিত হয়।
মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ আটজনকে হত্যা, শহীদ কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনসহ ছয়জন এবং রঞ্জিত দাস লাতু ও টুটু সেন রাজুকে হত্যার অভিযোগে ফাঁসির রায় হয় আলবদর বাহিনীর তৃতীয় শীর্ষ এই নেতার বিরুদ্ধে।







