নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া সহায়ক সরকারের যে রূপরেখা দিবেন, সে অনুযায়ী নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত “মহান মুক্তিযুদ্ধ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় আব্বাস বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি আন্দোলন করে না। আমাদের আন্দোল গণতন্ত্র ফিরিয়ে আনার। গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে, বিএনপি তাদের স্যালুট জানাবে।
তিনি বলেন, দেশে নির্বাচন হবে। আমরাও বলছি নির্বাচন হোক। সেই নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। আন্দোলন এবং প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে দুটোই আছে বলে জানান তিনি।
দেশটাকে ফের স্বাধীন করতে এখন আরো একটি যুদ্ধের প্রয়োজন আছে মন্তব্য করে যুদ্ধের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন আব্বাস।
জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ।








