মৌসুমের শুরু থেকেই চোখ ধাঁধানো ফুটবল উপহার দিয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু বুধবার রাতে অনেকটা বেখাপ্পা ফুটবল খেলল পেপ গার্দিওলার শিষ্যরা। নষ্ট করল প্রচুর সুযোগও। তবে বেমানান ফুটবল খেলেও জয়রথ অব্যাহত রয়েছে লিগ লিডারদের।
লিগে একের পর এক ম্যাচ জেতা ম্যানচেস্টার সিটি নিউক্যাসলের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে। এ নিয়ে লিগে রেকর্ড টানা ১৮টি জয় পেল সিটিজেনরা।
প্রতিপক্ষের মাঠে খেলার প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির হয়ে একমাত্র গোলটি করেন রাহিম স্টারলিং।
প্রথমার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা ম্যানচেস্টার সিটির হয়ে গোলের দুটি সুযোগ নষ্ট করেন সার্জিও আগুয়েরো। দুবারই তাকে গোলপোস্ট হতাশ করে। হতাশ হতে হয়েছে ডি ব্রুইনকেও। তার একটি বলও বারে প্রতিহত হয়।
তবে ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে সিটিকে এগিয়ে নেন স্টারলিং। শেষ পর্যন্ত এটিই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
ইউরোপের শীর্ষ পাঁচ ম্যাচে টানা সর্বোচ্চ ১৯ ম্যাচ জেতার রেকর্ড বায়ার্ন মিউনিখের দখলে। বায়ার্নের রেকর্ড গড়ার সময়ও কোচ ছিলেন গার্দিওলা। নতুন বছরের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি জিতলে সেই রেকর্ড স্পর্শ করতে পারবে তারা।







