বৃষ্টি বাড়ল মিরপুরে, দ্বিতীয় দিনের খেলা নিয়ে শঙ্কা

মিরপুর স্টেডিয়ামের ক্রিকেট মাঠে বৃষ্টির কারণে পানি জমে আছে, খেলার জন্য অনুকূল নয়।. Channel i News – চ্যানেল আই নিউজ
সকাল ১০টার পর বেড়ে গেছে বৃষ্টির বেগ। তাতে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে বাড়ল শঙ্কা। মাঠে বল গড়ানোর কথা ছিল সকাল ৯টা ১৫ মিনিটে। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় শুরু হতে পারেনি। এখন মাঠের যে অবস্থা তাতে আজ খেলা হওয়ার সম্ভাবনা অত্যান্ত ক্ষীণ।
আলোর স্বল্পতায় বুধবার প্রথম দিনের খেলা শেষ হয় খানিক সময় আগেই। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়েন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে।
স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হচ্ছে না দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে আছে, হাতে ৫ উইকেট।
মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। অল্প রান করেও প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ। মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।
তার আগে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকতে পারে, হবে বড় সুবিধার। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।






