কার্ডিফে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ নিয়ে জেগেছে শঙ্কা। বৃষ্টির কারণে হয়নি টস। আদৌ মাঠে খেলা গড়ানো সম্ভব হবে কিনা সেটিও অনিশ্চিত। বেরসিক বৃষ্টি যে অবিরাম ঝরেই যাচ্ছে সোফিয়া গার্ডেনের আকাশে!
বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় খেলা শুরুর কথা ছিল। ওয়েলসের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান পাঁচ ঘণ্টা। নির্ধাতির সময় থেকে আড়াইঘণ্টা পেরিয়েও ছোঁড়া যায়নি টসের কয়েন।
বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, বৃষ্টি এখনও ঝরছে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা) লাঞ্চ সেরে নেবে দুই দল।
ম্যাচের কাট অফ টাইম স্থানীয় সময় বিকাল ৩টা ২ মিনিট (বাংলাদেশ সময় রাত ৮টা ২ মিনিট)। তার আগে বৃষ্টি থেমে মাঠ খেলার উপযোগী হলে ২০ ওভারে ম্যাচ গড়ানো সম্ভব হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে শঙ্কায় পড়বে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচের ভেন্যু কার্ডিফের সঙ্গে জড়িয়ে টাইগারদের মধুর সব স্মৃতি। ২০০৫ সালের ১৮ জুন, এই মাঠেই তখনকার পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশ। আশরাফুলের সেঞ্চুরির দ্যুতির কাছে নতজানু হয়েছিল রিকি পন্টিংয়ের দল।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে বৈশ্বিক আসরে প্রথম সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। এই মাঠে একমাত্র দল হিসেবে বাংলাদেশ অপরাজিত।







