ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হারের পর জয়ের সুযোগ এসেছিল ভারতের সামনে। কিন্তু বৃষ্টি আর প্রযুক্তির ঝামেলায় জয় বঞ্চিত হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
আগের ম্যাচের বিধ্বংসী, মারকাটারি ব্যাটিংয়ের পর ওয়েস্ট ইন্ডিজ টস হেরে প্রথমে ব্যাট করে অবশ্য ১৪৩ রানে অলআউট হয়ে যায়। জনসন চার্লস (২৫ বলে ৪৩) সর্বোচ্চ রান করেন।
ভারত স্টুয়ার্ট বিনিকে বসিয়ে লেগ স্পিনার অমিত মিশ্রকে খেলায়। সেই পরিকল্পনা দারুণ সফল। অমিত ২৪ রানে তিন উইকেট নিয়ে সফলতম বোলার। আর অশ্বিন, শামি এবং বুমরা দু’টি করে উইকেট নেন।
জবাবে ভারত দুই ওভারে বিনা উইকেটে ১৫ রান তোলার পরেই বৃষ্টি নামে। তারপর আর খেলা শুরু হয়নি। খেলা শুরু হতে আধঘণ্টা দেরি হওয়া নিয়ে যদিও বিতর্ক তৈরি হয়। সম্প্রচার সংক্রান্ত টেকনিক্যাল সমস্যার জন্যই নাকি দেরি হয়। ফ্লোরিডায় রোববার সাইক্লোনের পূর্বাভাসও ছিল। সাইক্লোন না এলেও বৃষ্টি এসে ম্যাচ ভেস্তে দেয়।







