বৃষ্টির বাগড়ায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি ২০ ওভারে নেমে এলে ভাগ্য প্রসন্ন হল পাকিস্তানের। শক্তিশালী ক্যারিবীয়দের ৮৯ রানের বেশি তুলতে দেয়নি তারা। জবাবে ৭ বল হাতে রেখে ৮ উইকেটে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে পাকিস্তান।
হ্যামিল্টনে টসে জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। তাদের বোলিং তোপে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে স্টেফানি টেলরের দল।
ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায়নি উইন্ডিজ। ৩৫ বলে সর্বোচ্চ ২৭ রান আসে ওপেনার ডিয়েন্দ্রা ডটিনের ব্যাটে। শেষদিকে অধিনায়কের ৩১ বলে ১৮ রানের কল্যাণে ৯০ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইন্ডিজ ব্যাটারকে ফিরিয়েছেন নিদা দার।
ছোট লক্ষ্যে দেখেশুনে প্রথম জয়ের দিকে ছোটে পাকিস্তান। ২২ রানে প্রথম উইকেট হারালেও বিপদ বাড়তে দেননি ওপেনার মুনেবা আলি। ৪৩ বলে ৩৭ করে তিনি ফিরলেও ততক্ষণে ম্যাচের গতিপথ ঠিক হয়ে যায়।
বাকি কাজটুকু সারেন বিসমাহ মারুফ। ওমাইমা সোহেলকে নিয়ে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক। ২৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন বিসমাহ। ওমাইমার ব্যাটে আসে ২৭ বলে ২২ রান।







