হালকা শীতের আমেজের মধ্যেই রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে: এই বৃষ্টি শেষ হলেই আসছে শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অফিসের উপপরিচালক কাওসার পারভীন বলেন: বৃষ্টি শেষ হলে ৫ তারিখ থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। তবে সেটার তীব্রতা অত বেশি হবে না। দিনের আকাশ পরিস্কার থাকবে এবং রাতের তাপমাত্রা কমবে। সেই শৈত্যপ্রবাহ স্থায়ী হবে ২-৩ দিন।
সারাদেশে চলমান বৃষ্টির মধ্যেও সারাদেশের তাপমাত্রা খুব একটা কমেনি। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১১.২ ডিগ্রি। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমারখালীতে ২০ মিলিমিটার। ঢাকায় বৃষ্টির পরিমাণ ৮ মিলিমিটার।









