বৃষ্টির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল রাজশাহী কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল দুপুর আড়াইটায়। বৃষ্টির কারণে যথাসময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি।
টস জিতে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
এবারের বিপিএলে কোনো উদ্বোধনী অনুষ্ঠান নেই। ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
প্রথম ম্যাচে লড়াইটা মূলত দুই দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ড্যারেন স্যামির মধ্যে। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে গত আসরে শিরোপা জিতেছিলো কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার জন্য প্রথম ম্যাচ থেকেই উজ্জীবিত ভিক্টোরিয়ানসের ক্রিকেটাররা।
আগের বিপিএলে খুব একটা আলো ছড়াতে পারেননি স্যামি। তবে ক্যারিবীয় তারকার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
বিপিএলে রাজশাহী কিংসকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ নিয়েই অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তা ছাড়া স্যামির দলে রয়েছে সাব্বির রহমানের মতো বিস্ফোরক ব্যাটসম্যান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স:
মাশরাফি বিন মুর্তজা, ইমরুল কায়েস, লিটন কুমার, মোহাম্মদ আল-আমিন, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসহার জাইদি, আহমেদ শেহজাদ।
রাজশাহী কিংস:
ড্যারেন স্যামি, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল অপু, আবুল হাসান রাজু, মোহাম্মদ সামি, সামিত পাটেল, উমর আকমল।









