টানা বৃষ্টির কারণে বাংলাদেশ-সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের পঞ্চম ও শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বেলা ১২ টার দিকে পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। চতুর্থ দিনেও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ দিনেও একই পরিস্থিতি হওয়ায় বৃষ্টিবিঘ্নিত এই টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ২৪৮ এবং বাংলাদেশের ৩২৬ রানের সংগ্রহের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা সাউথ আফ্রিকা বিনা উইকেটে ৬১ রান সংগ্রহ করে। বাংলাদেশ তৃতীয় দিন শেষে ১৭ রানের লিড নিয়ে এগিয়ে থাকে।
নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রানের সংগ্রহ করে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামা ডিন এলগার ২৮ রান এবং স্টিয়ান ভ্যান জিল ৩৩ রান সংগ্রহ করে অপরাজিত থাকেন।
দ্বিতীয় দিনে বৃষ্টির কারনে প্রায় ১৩০ মিনিট খেলা বন্ধ থাকার পর এবং তৃতীয় দিনের ১০০ মিনিট স্থগিতের সাথে বন্ধ হয় পুরো চতুর্থ দিন। আর আজ বৃষ্টি হতে দেয়নি পঞ্চম দিনের খেলাও। দুর্দান্ত ফর্মে থাকা টাইগারদের সামনে ক্রিকেট পরাশক্তি ও টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল সাউথ আফ্রিকার বিরুদ্ধে জয়ের হাতছানি থাকলেও বৃষ্টিবিঘ্নতায় ড্রয়ের হতাশাই সঙ্গী হলো বাংলাদেশের।
সফরকারী সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি আগামী ৩০ জুলাই থেকে ঢাকায় মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথম টেস্টে বৃষ্টির যন্ত্রণার পরও সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অর্জন স্মরণীয় হয়েই থাকবে। অভিষেক ম্যাচেই মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এবং জুবায়ের হোসেনের ঘূর্ণি জাদু টাইগারদের বোলিং আক্রমণের ধারকে বিশ্ব ক্রিকেটে নতুন আতঙ্ক রুপেই তুলে ধরেছে। শক্তিশালী প্রোটিয়া ব্যাটিং লাইন আপকে প্রথম ইনিংসে অসাধারণ নৈপুন্যে মুস্তাফিজ এবং দুর্বোধ্য ঘূর্ণিতে জুবায়ের ২৪৮ রানেই আটকে দেয়।
ব্যাটিংয়েও প্রোটিয়াদের দুর্দান্ত জবাব দেয় টাইগার বাহিনি। প্রথম ইনিংসে অর্ধশতকের দেখা পায় তিনজন। তামিম ইকবাল ৫৭ রান, মাহমুদুল্লাহ ৬৭ রান এবং মাত্রই দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাস ৫০ রান করেন। এছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৪৭ রানের সুবাদে প্রোটিয়াদের বিপক্ষে ৩২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। বড় লিড নেয়ার আশা জাগিয়েও প্রথম ইনিংস শেষে মাত্র ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ।
বাংলাদেশ সাউথ আফ্রিকা’র প্রথম টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়েছে।







