বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেননি ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। খেলোয়াড়দের মাঠে নামা তো দূরের কথা লর্ডস টেস্টের প্রথমদিন টস পর্যন্তও হতে পারেনি। ফলে অলস দিন গেছে দুদলেরই। সেই সঙ্গে পাঁচদিনের টেস্ট এখন চারদিনের টেস্ট হয়ে দাঁড়াল।
বুধবার থেকেই মেঘে ঢাকা ছিল লর্ডসের আকাশ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ভারী বৃষ্টি। মাঝে মাঝে একটু খামতি দিলেও পুরোপুরিভাবে একবারের জন্যেও থামেনি বৃষ্টি। ছাতা মাথায় বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। কিন্তু খেলার শুরু করার মতো কোনো সুযোগই পাননি তারা।
লন্ডনের স্থানীয় সময় পৌনে পাঁচটায় শেষবার মাঠ পরিদর্শন করে আম্পায়াররা। খেলা শুরু করার মতো অবস্থা দেখতে না পেয়ে নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা আগে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
প্রথমদিনের খেলা পরিত্যক্ত হলেও লন্ডনের আবহাওয়া অফিস ইঙ্গিত দিয়েছে শুক্রবার পরিষ্কার থাকতে পারে লর্ডসের আবহাওয়া। আশায় থাকছে ভারত-ইংল্যান্ডও।
প্রসঙ্গত, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড।








