ফ্লোরিডায় বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দেয়া হয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা গেল। শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচটি মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে।
খেলা পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। দুই দলের পয়েন্ট এক হলেও রানরেটের হিসাবে নেপাল টেবিলের চারে ও লঙ্কানরা তলানিতে রয়েছে। দুদলের পয়েন্ট এক।
এরই মধ্যে তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠেছে প্রোটিয়ারা। দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ডাচরা দুই পয়েন্টে থাকলেও রানরেটে পিছিয়ে থাকায় তিনে অবস্থান করছে।
সুপার এইটে যাওয়ার আশা শ্রীলঙ্কার জন্য এখন প্রায় অসম্ভব। যদিও কাগজে-কলমে দলটি এখনো বিশ্বকাপে টিকে রয়েছে। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচটি যদি পরিত্যাক্ত হওয়াটা তাদের জন্য জরুরি । এরপর বাংলাদেশ যদি নেপালের কাছে হারে , ডাচদের শ্রীলঙ্কা হারায় এবং সাউথ আফ্রিকার কাছে নেপাল হারে, সেক্ষেত্রেই লঙ্কানদের সুপার এইটে যাওয়ার সুযোগ থাকবে। এমনটি হলে বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান ৩। এমনটি হলে চার দলের মধ্যে রানরেটে অবশ্য শ্রীলঙ্কাকে এগিয়ে থাকতে হবে।







