আবার বৃষ্টি। বৃষ্টিতে এবার পরিত্যক্তই হয়ে গেল অস্ট্রেলিয়া-ভারত সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচটি। রান তাড়া করতে মাঠে নামতেই পারেনি ভারতীয়রা। ফলে রোববার সিডনিতে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি হয়ে উঠল নির্ণায়ক ম্যাচ।
প্রথম ম্যাচে হেরে পিছিয়ে থাকা ভারত সিডনিতে নামবে সিরিজে সমতা ফেরাতে। অজিদের জন্য স্বস্তির খবর, জিততে না পারলেও অন্তত সিরিজ হারছে না তারা।
শুক্রবার মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১৯ ওভারে অজিরা যখন সাত উইকেটে ১৩২ রানে, তখনই নামে বৃষ্টি। খেলা আর শুরু করা যায়নি।
এরমধ্যে ভারতকে তিনবার ডাকওয়ার্থ-লুইস নিয়মে টার্গেট দেয়া হয়েছিল। প্রথমবার ঠিক হয়, ১৯ ওভারে ভারতকে করতে হবে ১৩৭ রান। কিন্তু আবারও নামে বৃষ্টি। পরিবর্তিত টার্গেট দাঁড়িয়েছিল ১১ ওভারে ৯০ রানের। শেষবার ৫ ওভারে ৪৬। কিন্তু খেলাই যে আর শুরু করা যায়নি।
সিরিজে সমতা ফেরানোর জন্য বিরাট কোহলির দলকে জিততেই হত এই ম্যাচ। ব্রিসবেনে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরেছিল ভারত। এই ম্যাচ তাই সিরিজে টিকে থাকার লড়াই ছিল। ভালো শুরুও করেছিলেন কোহালিরা।
প্রথম ওভারেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ফেরায় ভারত। অস্ট্রেলিয়ার ইনিংস কখনোই গতি পায়নি। একসময় ৭৪ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে বেন ম্যাকডারমটের ৩০ বলে অপরাজিত ৩২ রানের ইনিংসই একশোর ওপারে পৌঁছে দেয় অজিদের।
নাথান-কোল্টার নাইল (৯ বলে ২০), অ্যান্ড্রু টাই (১৩ বলে অপরাজিত ১২) সঙ্গ দেন ম্যাকডারমটকে।
ভুবনেশ্বর কুমার ভারতের সফলতম বোলার। ৩ ওভারে ২০ রানে নেন ২ উইকেট। বাঁহাতি পেসার খলিল আহমেদও নেন দুটি উইকেট। তবে তিনি দেন ৩৯ রান। জসপ্রীত বুমরাহ (২০/১), কুলদীপ যাদব (২৩/১), ক্রুনাল পাণ্ডিয়া (২৮/১) কেউ বেশি রান দেননি।










