রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে যাওয়া ইসমাঈল হোসেন নীরবের মরদেহ বুড়িগঙ্গার স্লুইস গেট থেকে উদ্ধার করা হয়েছে। বিকেল সাড়ে তিনটায় ৬ বছরের এ শিশুটি ম্যানহোলে পড়ে যায়। রাত সাড়ে আটটার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। রাত নটায় ঢাকা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। নীরবের মায়ের অভিযোগ ছিলো, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে।
শিশুটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের কয়েকটি টিম উদ্ধার কাজ করে। এছাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, শিশুটিকে উদ্ধারের জন্য ডুবুরি দল ম্যানহোলে নেমেছিলো।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে জিহাদ নামে একটি শিশু ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে পড়ে মারা যায়।






