বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল ভারতের বিপক্ষে ইতিহাস গড়েছিলেন ১৮ বছর আগে। সেই ইতিহাসে নাম লেখালেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে শতক হাঁকিয়ে দলকে ঐতিহাসিক ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছেন।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিন দারুণ ব্যাট করেছে আয়ারল্যান্ড। তিন উইকেট হাতে রেখে ১৩৯ রানের লিড নিয়ে দিন শেষ করেছে দলটি।
ও’ব্রায়েন সেঞ্চুরি তুলে নেন ১৮৬ বল খেলে। এর মধ্যে ১০টি চারের মার ছিল। ১১৮ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। পঞ্চম দিন তাকে সঙ্গ দিবেন ৮ রানে অপরাজিত থাকা কেন।
দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরির প্রথম নজির অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের। ১৮৭৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫* করেছিলেন তিনি। দ্বিতীয়টি ১৯৯২ সালে। জিম্বাবুয়ের ডেভিড হটন (১২১) ভারতের বিপক্ষে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওই কীর্তি গড়েন। তৃতীয়টি বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুলের (১৪৫)। এবারও প্রতিপক্ষ সেই ভারত।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের প্রথমদিন বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় দিন পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৩১০ রান তুলে ইনিংস ঘোষণা করে। আইরিশরা প্রথম ইনিংসে ১৩০ করেছিল। দ্বিতীয় ইনিংসে এখনো পর্যন্ত সংগ্রহ সাত উইকেটে ৩১৯।









