দেশের বুদ্ধিজীবীদের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজন করবে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। প্রতিবন্ধীদের কোটা পুনর্বহালের বিষয়ে প্রথমবারের মত এই আলোচনা সভা আগামী বুধবার সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তারা এ কর্মসূচীর কথা জানান।
এসময় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে সংবাদ বিজ্ঞপ্তি পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানুষের সাথে মানুষের সম্পর্ক থেকেই অধিকারের উৎপত্তি। অধিকার স্বার্থের সাথে সম্পর্কযুক্ত, অন্য কোথায় আইনগত বা নৈতিক বিধি বিধান দ্বারা সংরক্ষিত স্বার্থকে অধিকার বলে অভিহিত করা যায়। কর্মসংস্থানের সুযোগ প্রতিবন্ধীদের জন্য অধিকার হিসেবে স্বীকৃত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে সকল চাকরিতে চারভাগ কোটা প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবন্ধীদের এগিয়ে নিয়ে আসার জন্য কর্মসংস্থানে কোটা সংরক্ষণ আইনি কাঠামোয় করা হয়েছে। কিন্তু আমাদের দেশে আমাদের অধিকারের বিষয়টি নীতি-নির্ধারকরা যেন বুঝেও না বোঝার চেষ্টা করেছেন।’
এতে আরও বলা হয়, ‘প্রকৃত গবেষণালব্ধ ফলাফল জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীন বিশেষ শিক্ষা বিভাগের কারিগরি সহায়তায় বাংলাদেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত আমাদের সংগঠন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ, আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কর্মসংস্থানের সুযোগ ও পরিসর একটি বৈশ্বিক পর্যালোচনা’ শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদের সভাপতি মো. আলী হোসেন, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল সহ পরিষদের অন্যান্য সদস্যরা।








