বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা বিএনপি নেত্রীর তামাশা ছাড়া আর কিছুই করছেন না এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধের জন্য যাদের ফাঁসি হলো তারা একসময় বিএনপির মন্ত্রী ছিলো। তাহলে তিনি কোন মুখে আবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এটা মানুষকে তামাশা ও ধোঁকা দেয়া ছাড়া আর কিছুই না।
আর কিছু মুক্তিযোদ্ধাদের দেখি তার সঙ্গে যায়, তাদেরও একটু লজ্জা হওয়া উচিত। কোথায় যাচ্ছে কার সঙ্গে যাচ্ছে।
রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যেনো স্বাধীন দেশ হিসেবে উন্নত না হতে পারে সেই চেষ্টা করেছিলো আলবদর ও রাজাকাররা। কিন্তু বাঙ্গালি সেই অবস্থা থেকে দেশকে বাঁচিয়েছে। বরং যারা এই অপরাধে অপরাধী তাদের বিচার এখন দেশের মাটিতে হচ্ছে, হবে এবং বিচার চলবে। দুনিয়ার কোনো শক্তি নেই যে এই বিচার বন্ধ করে। বাংলাদেশের কোনো মানুষ যদি এই বিচার বন্ধ করতে চায় তাহলে তাদেরও একই অভিযোগে বিচার হবে।
দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে আবারো হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এই দেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়, অর্থনৈতিক উন্নতিকে ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্র চলছে এবং চলবে। কিন্তু এই ষড়যন্ত্রকে ভেদ করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ বর্তমান সরকার বিশ্বাস করে বাংলাদেশে ভবিষতে এমন ষড়যন্ত্র অার হতে দেবে না।






