মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলতে বলেছেন বিশিষ্টজনেরা। একইসঙ্গে বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।
জাতীয় স্মৃতিসৌধে ভোরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে মানুষের ভীড় বাড়তে থাকে। হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে অনেক অভিভাবক তার সন্তানকে নিয়ে আসেন। স্বাধীনতার চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা।
বুকের রক্ত দিয়ে যাঁরা এই দেশ স্বাধীন করেছেন সেই অকুতোভয় বীর শহীদদের প্রতি সম্মান আর শ্রদ্ধা চিরদিন অম্লান থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সর্বস্তরের মানুষ।
এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:








