একাত্তরে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন)।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২টায় কাতারের রাজধানী দোহার আলুয়াকার হাসপাতালে ইন্তেকাল করেছেন বলে ফেসবুকে নিশ্চিত করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তযুদ্ধে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শেখ হাসিনা আরও বলেন,স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে বীর মুক্তিযোদ্ধা শহীদুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মুক্তিযোদ্ধা শহীদুল হক বেশি পরিচিত শহীদুল হক মামা নামে। একাত্তরে মিরপুরে যে বাহিনী গড়ে তুলেছিলেন তার নামই হয়ে গিয়েছিল ‘মামা বাহিনী’। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনেও তিনি ছিলেন সামনের সারিতে। এপ্রিল মাসের শেষের দিকে সুইডেন যাবার পথে কাতারের রাজধানী দোহায় অসুস্থ হয়ে পড়েন। সেখানে দুইমাস লাইফ সাপোর্টে শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সুইডেনপ্রবাসী শহীদুল হক মামার মরদেহ প্রথমে সুইডেনে নেওয়ার কথা থাকলেও পরে দেশে এনে দাফনের কথা জানিয়েছেন শহীদুল হকের ছেলে সৈয়দ খালেদ বিন হক শুভ।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মামলায় অন্যতম সাক্ষী ছিলেন শহীদুল হক মামা। সোমবার তার মরদেহ বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে।
এছাড়াও এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







