শুরু হলো বাঙালির বিজয়ের মাস। নয় মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয় ১৬ ডিসেম্বর। এ মাসের শুরুতেই রুখে দাঁড়ায় গোটা বাংলাদেশ। বিজয়ের মাসে হানাদারদের বিরুদ্ধে বিভিন্ন রণক্ষেত্রে বীর বাঙালির লড়াইয়ের ধারাবাহিক খবরের প্রথমদিন থাকছে আখাউড়াসহ কয়েকটি যুদ্ধজয়ের কথা।
১ ডিসেম্বর ১৯৭১। পুরো বাংলাদেশ রণক্ষেত্র। এই দিনে নোয়াখালীর ফেনী সীমান্তবর্তী বিভিন্ন রণাঙ্গনে পাকিস্তানী সৈন্য আর মুক্তি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। ছাগলনাইয়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায় পাকিস্তানী সৈন্যরা। বিজয়ী মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকে চট্টগ্রামের দিকে।
আখাউড়ায় দ্বিতীয় দিনের মতো যুদ্ধ অব্যহত থাকে দুই পক্ষের মধ্যে। মুক্তিযোদ্ধারা আযমপুর রেলওয়ে স্টেশন দখল করে নিলেও প্রচন্ড প্রতিরোধের মুখে পড়ে আখাউড়া স্টেশন দখলে। দেশের অন্যসব রণাঙ্গন থেকে আসতে থাকে পাকিস্তানী বাহিনীর পিছু হঠার খবর।
দেশের রণাঙ্গনে যখন বিজয়ের খবর তখন বিদেশেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত জোরদার হয়। বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধিদলের সফল কর্মতৎপরতার বিশদ বিবরণ প্রকাশিত হয় লন্ডনের দি গার্ডিয়ান পত্রিকায়। মুক্তিযোদ্ধাদের সাফল্যের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশেকে স্বীকৃতি দেয়ার বাস্তবতাও তুলে ধরা হয় ওই প্রতিবেদনে।





