ভাতিজার বিয়ের অনুষ্ঠানে সবাই যখন নাচ গানে ব্যস্ত, ঠিক সেসময় ডিজে’র কাছে একটা গানের অনুরোধ আসে। কিন্তু গানের অনুরোধে দুই ব্যক্তির সাথে বিবাদে জড়িয়ে পড়া স্বামীকে রক্ষা করতে গিয়ে গুলিতে নিহত হন স্ত্রী সুনিতা।
অনেকটা সিনেমার মতো মনে হলেও ভারতের দিল্লীর মঙ্গলপুর এলাকায় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার চন্ডীগড় থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিজু কুড়ুভিলা বলেন: বিয়ের অনুষ্ঠান চলাকালীন সময় হঠাৎ একটা গান বাজানোর অনুরোধ করেন নিহত নারীর স্বামী সাজ্জান। তবে গানের অনুরোধ না রেখেই আকাশ এবং সন্দীপ নামের দুই ব্যক্তি সাজ্জানের সাথে মারামারি শুরু করে।
স্বামীকে রক্ষা করতে স্ত্রী সুনিতা এগিয়ে গেলে এক ব্যক্তি পিস্তল বের করে গুলি ছুড়লে ঘটনাস্থলে সুনিতা মারা যান।
এ ঘটনায় একটা খুনের মামলা দায়ের করা হয়েছে এবং রেকর্ড অনুযায়ী আসামিরা আগে চুরি ও ছিনতাইয়ের মামলায় জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।








