বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ১৬৭ জনের সেই তালিকা থেকে চার কাউন্সিলরের ব্যাপারে আপত্তি উঠেছিল। তবে কাউন্সিলরশিপে পরিবর্তন কিংবা বাতিল করার মতো যথাযথ কারণ খুঁজে না পাওয়ায় ওই ৪ ভোটারকে বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব) মো. ওমর ফারুক বিষয়টি নিয়ে বলেন, ‘চারজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুনানি শেষে তাদের বৈধতা দেয়া হয়েছে।’
দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দুটি ক্লাব লালমাটিয়া ও ফিয়ার ফাইটার্সকে চলতি বছর বিসিবি নিষিদ্ধ করায় ভোটার সংখ্যা নেমে আসার কথা ১৬৫-তে। ব্যাপারটি নিয়ে প্রশ্ন উঠলে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানান, ‘গতবার ভোটার তালিকায় না থাকা দু’জন ভোটার এবার নিবন্ধিত হয়েছে। তারা, বরিশাল শিক্ষা বোর্ড আর মেহেরপুর জেলা।’
নির্বাচনে মোট ভোটার হওয়ার কথা ছিল ১৭২ জন। পাঁচ প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পায়নি বিসিবি। যে পাঁচটি সংস্থা কাউন্সিলরের নাম পাঠায়নি তারা- বান্দরবন জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, বাগেরহাট জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
নানা বিতর্ক আর আইনি জটিলতা অনেকটা কাটিয়ে আগামী ৩১ অক্টোবর হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করতে পারবেন কাউন্সিলররা। সেগুলো যাচাই-বাছাই হবে ২৫ অক্টোবর। আপিল গ্রহণ ও শুনানির দিন ধার্য করা হয়েছে ২৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ অক্টোবর।








