সেঞ্চুরির বন্যায় শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ড। দুই ম্যাচ সেঞ্চুরি দেখেছে মোট ১২টি। যার একটি আবার ডাবল সেঞ্চুরি। ব্যাটসম্যানদের রেকর্ড সেঞ্চুরির রাউন্ডে ইস্ট জোন-সেন্ট্রাল জোন ও সাউথ জোন-নর্থ জোনের ম্যাচের ভাগ্যে জুটেছে নিষ্প্রাণ ড্র।
বুধবার ম্যাচের চতুর্থ ও শেষ দিনেও সেঞ্চুরি হয়েছে চারটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেহেদী মারুফ (১১২) ও তাসামুল হকের (১০৮) জোড়া সেঞ্চুরিতে ইস্ট জোন বিনা উইকেটে ২২৬ রান তোলার পর ম্যাচটি ড্র হয়।
জুটি ভাঙতে ১১ বোলারকে ব্যবহার করেন সেন্ট্রাল অধিনায়ক মার্শাল আইয়ুব। অধিনায়ক নিজেও চেষ্টা করেছেন এক ওভার। কাজে লাগেনি!
প্রথম ইনিংসে ইস্ট জোন ৭৩৫ রানের সংগ্রহ গড়ে তিন সেঞ্চুরি ও এক ডাবলে। লিটন দাস ১১২, জাকির হাসান ২১১, ইয়াসির আলি রাব্বি ১৩২, অলক কাপালি করেন অপরাজিত ১৬৫ রান। জবাবে চার ব্যাটসম্যানের ফিফটিতে সেন্ট্রাল জোন করে ৪২৮ রান।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সাউথ জোনের বিপক্ষে নর্থ জোনের জুনায়েদ সিদ্দিকী দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। প্রথম ইনিংসে ১৩৭ রান তোলা এ বাঁহাতি ওপেনারের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৫১ রানে।
দলটির আরেক ব্যাটসম্যান আরিফুল হক ১০৩ রানে অপরাজিত থাকেন।
দুই সেঞ্চুরিতে নর্থ জোন দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রান তোলার পর ড্র হয় ম্যাচ। প্রথম ইনিংসে তারা তুলেছিল ৪০৮ রান। জুনায়েদ ছাড়াও ওই ইনিংসে তিন অঙ্কের দেখা পান মিজানুর রহমান।
জবাবে তুষার ইমরান ও ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ৪৩৩ রান তুলে প্রথম ইনিংসে ২৫ রানের লিড পায় সাউথ জোন। ইমরুল খেলেন ১১৮ রানের ইনিংস। ১৪৮ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করা তুষার এদিন কোন রান যোগ করতে পারেননি।

ব্যাটসম্যানদের রাউন্ডে বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাক। খুলনায় ইস্ট জোনের অফস্পিনার গাজী ইনিংসে একাই নিয়েছেন ৭ উইকেট। রাজশাহীতে সাউথ জোনের বাঁহাতি স্পিনার রাজ্জাক প্রথম ইনিংসে ৬ উইকেট নেন।
বিসিএলে চার দলের লড়াই হয় ডাবল লিগ পদ্ধতিতে। প্রথম ধাপ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বিরতি পড়ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। বিসিএলের পরের তিনটি রাউন্ড প্রিমিয়ার লিগের পর শুরু হবে। প্রথম তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে নর্থ জোন। ইস্ট জোন ৩০, সাউথ জোন ২৬ ও সেন্ট্রাল জোনের পয়েন্ট ১৯।







