বিদেশি তারকাদের ভিড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলার সুযোগ পান না দেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার। যে কারণে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আলাদা টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা এসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে। সেটি নিয়ে এতদিন আওয়াজ শোনা না গেলেও শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানিয়েছেন, ওই টুর্নামেন্টটি বিসিএলের মতো করে আয়োজনের ভাবনার কথা।
বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আমাদের আছে। বিপিএলের সেক্রেটারি সাহেব সেই ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের নিয়ে সেটি হবে। দলগুলো হবে বিসিএলের দলের মতো। যেমন চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট করি ওই ধরনের টুর্নামেন্ট করার চিন্তা মাথায় আছে।’
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দেশের আট বিভাগের ক্রিকেটারদের সমন্বয়ে গড়া হয় চারটি দল। যেখানে সুযোগ পান ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড়রা। কোনো বিদেশি খেলোয়াড় সেখানে থাকেন না।
টি-টুয়েন্টির আরেকটি টুর্নামেন্ট আয়োজনের চিন্তা বিসিবির মাথায় আসে বিপিএলে পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ায়। গত আসরে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির আপত্তির পরও পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেন আয়োজকরা।
একজন করে বিদেশি খেলোয়াড় বাড়ায় শামসুর রহমান শুভ, শাহাদাত হোসেন রাজীব, সোহরাওয়ার্দী শুভ, তুষার ইমরান, মার্শাল আইয়ুব, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন লিখনের মতো খেলোয়াড়রা দল পাননি। অনেক ক্রিকেটার আবার দল পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি।
টুর্নামেন্ট চলাকালে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক ঘোষণা দেন, বিপিএল শুরুর আগে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে হবে আলাদা আরেকটি টুর্নামেন্ট। সেখানে যারা ভাল পারফর্ম করবেন তাদের দল পেতে সমস্যা হবে না।








