বিশ্ব নদী দিবসে নদীর কাছে ক্ষমা প্রার্থনা

বিশ্ব নদী দিবস
বিশ্ব নদী দিবস ২০১৭ উপলক্ষে রাজধানী ঢাকায় নদী দূষণ, নদী ভরাটসহ নদী দখলের বিরুদ্ধে এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে অঙ্গীকার বাংলাদেশ। কর্মসূচির মধ্যে ছিল নদীর কাছে ক্ষমা প্রার্থনা, নদীকে পুষ্প প্রদান, নদী দখলদারদের বিরুদ্ধে প্রতীকী দৈত্য ভস্ম করা।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের তুরাগ নদী তীরে অঙ্গীকার বাংলাদেশের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
নদীর কাছে প্রার্থনা করে বলা হয়, ‘নদীমাতৃক দেশ আমাদের। নদী জননী তুমি আমাদের অনেক দিয়েছো। বাংলা বদ্বীপ অঞ্চলের মানব বসতি-জনপদ গড়ে তুলতে তুমি প্রাণপণ পাশে থেকেছো।
অথচ হে নদী জননী, বিনিময়ে তোমার প্রতি আমরা সুবিচার করিনি। আমাদের মধ্যে একদল মানবরূপী দানব আছে। ওরা তোমাকে দখল করে তোমার টুঁটি টিপে ধরেছে। দূষণ দখলে তোমার অমৃতধারাকে আমরা মৃত ভাগাড়ে পরিণত করেছি। বিশ্ব নদী দিবস ২০১৭ উপলক্ষে আজ তোমার তীরে এসেছি। চাইছি তোমার কাছে মানুষের পক্ষ থেকে ক্ষমা।
হে নদী জননী, তোমার প্রতি কৃত অবিচার, অন্যায় আর অপরাধের বিরুদ্ধে দাঁড়িয়ে এই শপথ বাণী উচ্চারণ করছি, তোমার এই অযোগ্য সন্তানেরা তোমাকে রক্ষা করার জন্য অবিরাম সংগ্রামে নিয়োজিত থাকবোই। তুমি আমাদের জোড় হাত ক্ষমা প্রার্থনাকে স্বীকৃতি দাও, নদী জননী!’

বিশ্বের খুব কম রাজধানী আছে যার বুক চিঢ়ে বয়ে গেছে এতগুলো প্রবাহমান নদী। আর্শীবাদ স্বরুপ যে কটা রাজধানী শহরে নদী আছে তাদের মধ্যে ঢাকা অন্যতম। বলতে গেলে ঢাকার চারপাশেই নদী ছিলো বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, আর মেঘনার মাঝে ছোট একটা শহর ঢাকা।
অথচ এখন দখল হতে হতে নদীগুলোই এখন মৃতপ্রায়। আজকের অনুষ্ঠান থেকে নদী দখলদারদের বিরুদ্ধে প্রতীকী দৈত্য ভস্মকরণ করে বলা হয়, আমরা আজ এই নদী তীরের পাশে দাঁড়িয়ে ঘৃণা প্রকাশ করছি সেই সব দখলদার-দূষণবাজ মানবরূপী দৈত্যদের বিরুদ্ধে। ওই দৈত্য বিনাশ করেই হে নদী জননী, আমরা তোমাকে সুস্থ-সুন্দর-সাবলীল করে তুলবো।

আজ তাই প্রতীক দৈত্য ভস্মীকরণের মধ্য দিয়ে হে নদী জননী তোমাকে রাহুমুক্ত করার সংগ্রামকে শাণিত করে দেবার নবশপথ গ্রহণ করছি এই বিশ্ব নদী দিবসে।






