২৮ আগস্ট সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তরুণ দিবস ও আদিবাসী দিবসকে সামনে রেখে কনসার্টসহ একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)।
‘শান্তির পথে সংঘাত রোধে/জেগে ওঠো তারুণ্য জ্ঞানে আর বোধে’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৩টায়। অনুষ্ঠানে কনসার্টে পারফর্ম করবে গারোদের দুটি ব্যান্ড- স্যাক্রেমেন্ট এবং রে রে। এর আগে সাইকেল র্যালিতে অংশ নেবে ডি ইউ সাইক্লিস্ট। কনসার্টের পরে মাইম শোতে পারফর্ম করবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন।
আর সব শেষে নৃত্য পরিবেশন করবে রাজশাহী ভিত্তিক সাঁওতালি নাচের দল রাহালা রিমিল ড্যান্স গ্রুপ। দুই আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) যৌথভাবে হিউম্যান রাইটস এক্সপোজিশন অন জেন্ডার এন্ড এথনিক মাইনরিটি ইস্যুস ইন এডুকেশনাল ইন্সটিটিউটস নামে একটি প্রজেক্ট শুরু করেছে। সেই প্রজেক্টের অংশ হিসেবেই এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।







