কয়েকদফা সন্ত্রাসী হামলার ধকল কাটতে না কাটতেই এবার লন্ডনে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দেখা দিয়েছে গ্যাস্ট্রোয়েনট্রের্টিস আতঙ্ক। প্রায় অজানা এই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ জন অ্যাথলেট এবং বিভিন্ন দলের কয়েকজন সাপোর্টস্টাফ।
আক্রান্ত অ্যাথলেটদের অনেকের প্রতিযোগিতাই শেষ হবে হাসপাতালের বিছানায় শুয়ে। তাদের মধ্যে আছেন চলতি বছরে ২০০ এবং ৪০০ মিটারে সেরা টাইমিং করা বোতসোয়ানার স্প্রিন্টার আইজ্যাক মাকাওয়ালা।
গ্যাস্ট্রোয়েনট্রের্টিস আতঙ্কে ৩০ জন জার্মান অ্যাথলেটকে সেই টাওয়ার হোটেল থেকে দ্রুত অন্য হোটেলে সরিয়ে নিয়ে গেছে ইংল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর।
গত সপ্তাহ থেকেই এই অজানা রোগে আক্রান্ত হতে শুরু করেন অ্যাথলেটরা। যদিও বিষয়টি শুরু থেকেই এড়িয়ে গেছে টাওয়ার হোটেল কর্তৃপক্ষ। সর্বোচ্চ পরিচ্ছন্নতা বজায় রাখার পরও কীভাবে খেলোয়াড়দের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ল, সেটি নিয়ে তদন্ত শুরু করেছেন হোটেল কর্তৃপক্ষ।










