পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম প্রয়াস হিসেবে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি টি-টুয়েন্টি সিরিজ। সেখানে পাকিস্তানের বিপক্ষে খেলবে বিশ্ব একাদশ। সেই দলের অধিনায়ক করা হয়েছে সাউথ আফ্রিকার ফ্যাব ডু প্লেসিকে।
বিশ্ব একাদশের অধিনায়ক হওয়ার লাইনে ছিলেন দুই সাউথ আফ্রিকান হাশিম আমলা ও ডু প্লেসি। তবে এক নির্ভরযোগ্য সূত্রের বরাতে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, আমলা নয়; বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন প্লেসিই।
ওই সূত্র জিও টিভিকে জানান, ‘আমি নিশ্চিত করেই বলছি, ডু প্লেসিই বিশ্ব একাদশের নেতৃত্ব দেবেন।’ তবে নিজের নাম বলতে রাজি হয়নি ওই সোর্স।
৩৩ বছরের প্লেসি এখন সাউথ আফ্রিকার তিন ফরমেটেই অধিনায়ক। ৩২ টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ১৯টিতে জিতেছেন। তার নেতৃত্বে ৯টি ওয়াডে খেলে ৮টিতে এবং ১৪ টেস্টে ৮টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা।ৎ
আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পাকিস্তান সফর করবে বিশ্ব একাদশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে লাহোরে।
জিও টিভি জানিয়েছে, বিশ্ব একাদশের সদস্য হতে কথা চলছে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক জর্জ বেইলির সঙ্গে। ফলাফল এখনও ইতিবাচক।
বিশ্ব একাদশের দলে থাকছেন হাশিম আমলা, নিউজিল্যান্ডের জেমস নেশাম, ইংল্যান্ডের পল কলিংউড। এছাড়া বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে থেকেও খেলোয়াড় থাকবেন বলেও জানানো হয়। আর এই একাদশের কোচের দায়িত্বে থাকবেন অ্যান্ডি ফ্লাওয়ার।







