চ্যাম্পিয়ন্স ট্রফিতে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে হবে মাশরাফি-মুশফিকদের। তবে ওয়ানডেতে সবগুলো দলকেই হারানোর অভিজ্ঞতা আছে টাইগারদের। যে কাউকে হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে মাঠে পারফর্ম করতে পারলে ভালো করতে পারবে বাংলাদেশ -সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় অন্তত সেটাই মনে করছেন।
‘গ্রুপটা কঠিন। তবে আমরা তো ওদের সবাইকেই হারিয়েছি। আমরা যে জিততে পারি সেই বিশ্বাসও আছে। কে বড় দল, কে ছোট দল এ হিসেবে না গিয়ে মাঠে ম্যাচের দিন যারা ভালো করবে তারাই জিতবে।’
বাংলাদেশ দলে নিয়মিত খেলা ক্রিকেটারদের মধ্যে মাশরাফি-মুশফিক বা সাকিব-তামিম, সকলেই বেশ অভিজ্ঞ। ইংল্যান্ডের মাটিতে অভিজ্ঞতা বেশ কাজ লাগবে বলে মনে করছেন নাঈমুর, ‘আপনি যদি ম্যাচের হিসেব করেন, দেখবেন অভিজ্ঞতার দিক থেকে এটা সেরা দল। অনেকেরই ম্যাচের সংখ্যা দেড়শ ছুঁই ছুঁই। এর বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ও আছে। এদের অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।’
বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফর্মে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস পাবে বলেও মনে করছেন নাঈমুর, ‘টিমের বেশিরভাগ খেলোয়াড় ফর্মে থাকলে অনেক কিছুই কাভার করা যায়। আমরা সেদিক থেকে এগিয়ে আছি। আমাদের মূল খেলোয়াড়রা ফর্মে আছে, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করছে। ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটিং সহায়ক হয়ে থাকে। এদিক থেকে আমাদের অ্যাডভান্টেজ থাকবে। আমাদের বেশ কিছু স্ট্রোক প্লেয়ার আছে, যারা বেশ ভালো। ইংলিশ উইকেটে সেট হলে ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার যথেষ্ট সুযোগ থাকে।’








