চীনের বাইরে এবার অন্যান্য দেশেও মোবাইল লেনদেন সেবা চালুর পরিকল্পনা করছে হুয়াওয়ে। এ লক্ষ্যে সম্প্রতি ইউনিয়ন পে’র সাথে একটি বিশেষ চুক্তিও করেছে হুয়াওয়ে।
বিশ্বব্যাপী হুয়াওয়ে পে চালু করতে ২০১৬ থেকেই একসাথে কাজ করছে হুয়াওয়ে ও ইউনিয়ন পে। ভবিষ্যতে চীনের বাইরে হুয়াওয়ে ও অনার মোবাইল ব্যবহারকারীও এ সুবিধা পাবেন।
মোবাইল লেনদেন সুবিধাটি ব্যবহারের জন্য হুয়াওয়ে পে সুবিধাসম্পন্ন ইউনিয়ন পে ব্যাংকের কার্ড প্রয়োজন হবে। কার্ডধারীরা তাদের ফোনটি ইউনিয়ন পে’র মোবাইল কুইকপাস ফিচারসম্পন্ন পিওএস মেশিনের নিকটে নিলেই লেনদেন সম্পন্ন হবে।

চীনের প্রথম সিকিউরিটি চিপভিত্তিক মোবাইল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ের ইতোমধ্যে প্রায় ২০টি মডেলের মোবাইল ডিভাইস ও স্মার্টওয়াচ ৬৬টি ব্যাংকের মাধ্যমে মোবাইল পেমেন্ট সমর্থন করে। ২০১৭ সালে হুয়াওয়ে পে’র মাধ্যমে পেমেন্টের পরিমান ৪ বিলিয়ন আরএমবি।
চীনের বাইরে হুয়াওয়ে পে প্রথমেই চালু করা হবে রাশিয়ায়। বর্তমানে রাশিয়ার ৮৫ শতাংশ পিওএস ও এটিএম ইউনিয়নপে ব্যাংকের কার্ড সমর্থন করে এবং প্রায় ৪ লাখের বেশি পিওএস টার্মিনাল ইউনিয়ন পে মোবাইল পেমেন্ট সেবা সমর্থন করে। রাশিয়ার বাইরে পূর্ব ইউরোপসহ অন্যান্য অঞ্চলেও হুয়াওয়ে পে সেবা চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠান দুটির।







