ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়োজন করে ফেললো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার সন্ধ্যায় ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদারের নেতৃত্বে সাংস্কৃতিক সন্ধ্যার কার্যক্রম পরিচালিত হয়। এতে নাচ, গান ও মাইম পরিবেশন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
বর্ণাঢ্য আয়োজন সম্পর্কে ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার বলেন, শিক্ষার্থীদের সহযোগিতার ধারা অব্যাহত থাকলে বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে আমরা এরকম আয়োজন অব্যাহত রাখব। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সকল ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সামনে আমরা টিএসসির সব সংগঠন নিয়ে টিএসসি ফেস্ট আযোজন সহ আরো ব্যতিক্রমধর্মী আয়োজনের কথা ভাবছি।

বিশ্ববিদ্যালয় দিবসে ডাকসুর এই আয়োজন উদ্বোধন করতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এ ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতিমনা পরিবেশ সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে এ ধরনের আয়োজন অব্যাহত থাকুক সেটা প্রত্যাশা করি।
দীর্ঘ প্রায় ২৮ বছর পর ডাকসুর নেতৃত্বে এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে নতুন উৎসাহ-উদ্দীপনা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ডাকসুর নেতৃত্ব ছাড়াও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।









