জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ‘শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ের গুণগত মান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য মানসম্মত গবেষণা করা জরুরি।’
বুধবার বিশ্ববিদ্যালয়েল কলা ও মানবিকী অনুষদের বার্ষিক প্রকল্প সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ’শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের খ্যাতি বৃদ্ধি পায়। গবেষণার মাধ্যমে জ্ঞানের নতুন জগতে প্রবেশ করা যায়। এই নতুন জ্ঞানকে জাতি রাষ্ট্র নির্বিশেষে মানব কল্যাণে কাজে লাগাতে হবে।’
উদ্বোধনী ভাষণে উপাচার্য অনুষদের গবেষকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মল হক।
আলাদাভাবে অনুষ্ঠিত নয়টি অধিবেশনে কলা ও মানবিকী অনুষদের শিক্ষকগণ তাদের গবেষণা প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় পরিচালিত অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।







