প্রত্যেক খেলোয়াড় পাবেন ৩০ লাখ রুপি। কোচ রাহুল দ্রাবিড় ৫০ লাখ। কোচিং স্টাফের অন্য সদস্যরা ২০ লাখ করে। ভারতীয় যুবদল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর এই পুরষ্কার ঘোষণা করেছে বিসিসিআই।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চারবার যুববিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শনিবার ফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হয় রাহুল দ্রাবিড়ের ছেলেরা। ২১৭ রান তাড়া করতে নেমে ৩৮.৫ ওভারে জয় পায় তারা।
ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় এই দলটির সঙ্গে অনেক দিন ধরে আছেন। ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটার গড়তে অনেক বড় বড় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন তিনি। জাতীয় দলের কোচ হিসেবেও তার নাম আলোচনায় এসেছিল। কিন্তু দ্রাবিড় সেটা গ্রহণ করেননি।

চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছেন, ‘ছেলেদের এমন জয়ে আমি গর্বিত। ওদের বলেছিলাম এমন কিছু স্মৃতি এবার সঙ্গে নিয়ে ফিরবে, যা আজীবন মনে থাকবে।’









